ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে তথ্য সংগ্রহ করতে গিয়ে র্যাবের তিন গোয়েন্দা সদস্যের ওপর হামলার ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-৯। আজ ১২ মে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলায় র্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী।
আটককৃতরা হলেন— নবীনগর উপজেলার খাগাতোয়া গ্রামের মৃত গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির (৬২), নয়ন মিয়ার ছেলে মো. রাহিম আহমেদ (২০), মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৯), হুমায়ুন কবিরের ছেলে নুর আলম ওরফে নুরনবী (১৯) এবং জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম (৪৮)।
র্যাব জানায়, ১১ মে সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকায় তথ্য সংগ্রহে যাচ্ছিলেন র্যাবের তিন গোয়েন্দা সদস্য। পথে নবীনগর উপজেলার খাগাতোয়া গ্রামে পৌঁছালে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে জিম্মি করে নিয়ে যায়। পরে তাদের আটকে রেখে মারধর করা হয়। এ সময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
খবর পেয়ে র্যাবের অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত র্যাব-৯ উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে শফিক ডাকাত পালিয়ে গেলেও হামলায় জড়িত অভিযোগে এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়। এ সময় কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com