ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিনের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। ঈদুল আজহার ছুটিতে তিনি বাসায় না থাকায় সেই সুযোগে দুর্বৃত্তরা ফ্ল্যাটে প্রবেশ করে মূল্যবান মালামাল নিয়ে যায়।
আজ শনিবার ভোরে জেলা শহরের মৌলভীপাড়া এলাকার তিতাস টুইন টাওয়ারের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটি উপলক্ষে বিচারক সৈয়দ আমিনা ফারহিন বাসায় তালা দিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তার অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে চুরির ঘটনা ঘটায়।
তিতাস টুইন টাওয়ারের তত্ত্বাবধায়ক রতন মিয়া জানান, ভবনের সিসিটিভি ফুটেজে ভোরের দিকে তিন ব্যক্তিকে ভবনের পেছনের দিকের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় উঠতে দেখা গেছে। পরে তারা ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে থাকা দুটি আলমিরা ভেঙে মূল্যবান মালামাল নিয়ে যায়। এছাড়া ফ্ল্যাটের আরও বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সকালে বিষয়টি নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রাজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিচারক ছুটিতে থাকায় ফ্ল্যাটে কেউ অবস্থান করছিলেন না। তার অনুপস্থিতির সুযোগেই চুরির ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ফ্ল্যাটের মালিকপক্ষ ও বিচারক এখনও উপস্থিত না থাকায় চুরি হওয়া মালামালের সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com