ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত

শনিবার, ০৯ মে ২০২৬ | ৪:২৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে কলেজছাত্রসহ দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন মোরছালিন ও নবীর হোসেন। মোরছালিন গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


অন্যদিকে, নবীর হোসেনের বাড়ি মধুপুর গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুইজনের মরদেহ ভারতের আগরতলার জিবি হাসপাতালে রয়েছে।

একই ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি তরুণ আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হয়েছে।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন চোরাকারবারি রাতে মোরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে সীমান্ত এলাকায় যায়। একই সময়ে নবীর হোসেনসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মোরছালিন নিহত হন। পরে তার মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয়। আহত নবীর হোসেনকেও ভারতে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মধুপুর গ্রামের বাসিন্দা মো. সবুর জানান, সীমান্তে গুলিতে দুইজন নিহত হওয়ার খবর তিনি পেয়েছেন। নবীর হোসেনের পরিবারের সঙ্গেও কথা বলেছেন তিনি।

নবীর হোসেনের ছেলে মো. তপন জানান, তার বাবা সন্ধ্যার পর বাড়িতে ছিলেন না। সীমান্ত এলাকায় যাওয়ার পর বিএসএফ গুলি করে মরদেহ নিয়ে গেছে বলে বিভিন্ন মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন।

ধজনগর গ্রামের রিপন পাঠান বলেন, “রাতে ২০ থেকে ২৫ জনের একটি দল কাঁটাতারের সামনে গেলে বিএসএফ গুলি চালায়। এতে মোরছালিন গুলিবিদ্ধ হয়। বাকিরা আহত হয়ে পালিয়ে যায়। মোরছালিন এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল।”

এ বিষয়ে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম জানান, কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মরদেহ বর্তমানে ভারতে রয়েছে।

তিনি আরও জানান, বিএসএফ কমান্ডেন্টের সঙ্গে যোগাযোগ করে মরদেহ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে কাজ চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!