ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার একটি দল উপজেলার তিলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই পিকআপে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার নতুন গোদিগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. আবুল হোসেন এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এরুয়াখাই গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. রাশেদ মিয়া।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আবুল হোসেনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় নাসিরনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদকের উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com