ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

শুক্রবার, ০৫ জুন ২০২৬ | ২:৪৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাছভর্তি একটি পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তার পাঁচ বছর বয়সী ছেলে। এ ঘটনায় একই পরিবারের আরও দুজন আহত হয়েছেন।


শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন অটোরিকশাচালক মাহবুব (৪৫), কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা জোসনা বেগম (৪০) এবং তার ছেলে আশরাফুল (৫)। আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তাদের মেয়ে আদিবা (৪)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাউসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সরাইল বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাছভর্তি পিকআপভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব, জোসনা বেগম ও তার ছেলে আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপচালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!