ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বাসা থেকে বের হওয়ার দুই দিন পর রিমন মিয়া (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে পাশের জেলার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি-উলুকান্দি এলাকার কলেজ রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিমন নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের ফোরকান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মরিচাকান্দি-উলুকান্দি সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা ফোরকান মিয়া বলেন, তার ছেলে নরসিংদীতে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থেকে রঙের কাজ করতেন। কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তারা বুঝতে পারছেন না। তবে রিমনের ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া গেছে। আজ ১২ মে মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
রিমনের স্ত্রী সুমী আক্তার বলেন, গত রবিবার সকাল ১১টার দিকে রিমন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। বের হওয়ার ঠিক আগে তার মোবাইল ফোনে একটি কল আসে। জরুরি কাজ আছে বলে তিনি বেরিয়ে যান এবং বিকেলের মধ্যে ফেরার কথা জানান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। সোমবার বিকেলে মৃত্যুর খবর পান তারা।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com