ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে রোমানা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন। নিহত রোমানা কসবা উপজেলার তেতুয়া গ্রামের বারু মিয়ার মেয়ে।
আজ ১০ মে রবিবার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মো. তৌহিন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার হালিমা এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসছিল। উড়শিউড়া এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি মহাসড়কের পাশে ফোরলেন প্রকল্পের কাজে ব্যবহৃত একটি রোলার গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। এতে চালকসহ পাঁচজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোমানা বেগমের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, ‘অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লাগলে একজন নিহত ও চারজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com