ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা যুবলীগ নেতা মো. দর্পন ভূইয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
১০ জুন বুধবার রাতে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের একতারপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দর্পন ভূইয়া হরষপুর ইউনিয়নের একতারপুর গ্রামের সারোয়ার রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিজয়নগর উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং হরষপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলমের নেতৃত্বে একদল পুলিশ একতারপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি দর্পন ভূইয়াকে গ্রেফতার করা হয়।
বিজয়নগর থানার ওসি মো. আহসান উল্লাহ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি মামলার আসামি দর্পন ভূইয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১১ জুন) তাকে আদালতে পাঠানো হবে।”
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com