ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে পৌর সুপার মার্কেটে ভয়াবহ আগুন, ক্ষতি সোয়া দুই কোটি টাকার বেশি

রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ | ৮:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে পৌর সুপার মার্কেটে ভয়াবহ আগুন, ক্ষতি সোয়া দুই কোটি টাকার বেশি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গভীর রাতে পৌর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের তাপে আশপাশের আরও ১১ থেকে ১২টি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় সোয়া দুই কোটি টাকার বেশি মূল্যের মালামাল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।


শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে কসবা পুরাতন বাজারের পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুটি চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তিনতলা মার্কেটের প্রায় তিন শতাধিক দোকান আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পায়।


ব্যবসায়ীরা জানান, রাতে দোকানপাট বন্ধ করে সবাই বাড়ি চলে যাওয়ার পর ‘নিউ ভূইয়া খেলাঘর’ নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মার্কেটের পাহারাদার বিষয়টি টের পেয়ে ব্যবসায়ীদের ফোনে জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, দোকানের শাটারের ভেতরে আগুন জ্বলছে। অতিরিক্ত ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ ও আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়। ঝুঁকি নিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হন। স্থানীয় আরও কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত ব্যবসায়ী জামিল আহমেদ (৩৫)কে রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডে ‘মুহুরি খেলাঘর’, ‘নিউ ভূইয়া খেলাঘর’সহ চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি আগুনের তাপ ও ধোঁয়ায় আশপাশের আরও ১১ থেকে ১২টি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

কুটি চৌমুহনী ফায়ার সার্ভিসের লিডার মো. মাকসুদ ভূইয়া বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত ধোঁয়ার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক বেগ পেতে হয়েছে। এ সময় আমাদের দুই কর্মী আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন। মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খুবই দুর্বল।’

রোববার দুপুরে কসবা পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদসহ প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, পৌর সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!