ব্রেকিং

x

আদালতে ইনুকে জুতা-ডিম নিক্ষেপ

মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪ | ৭:৪৮ অপরাহ্ণ

আদালতে ইনুকে জুতা-ডিম নিক্ষেপ

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের নিচে জুতা ও ডিম নিক্ষেপ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় আইনজীবীদের তাকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।


মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৫টার দিকে সিএমএম কোর্টে এ ঘটনা ঘটে।


বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ইনুকে সিএমএম কোর্টে আনে। নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে-পেছনে পুলিশের তিনটি প্রটেকশন গাড়ি ছিল।

এদিকে ইনুকে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে আনার খবরে বিকেল ৪টা থেকে কোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় আইনজীবী ও সাংবাদিক ছাড়া বাকি সবাইকে আদালত এলাকা থেকে বের করে দেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আগে থেকেই কোর্ট এলাকায় অবস্থান নিয়েছিল পুলিশের বিপুল সংখ্যক সদস্য।

এর আগে গতকাল সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট থানার একটি মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হাসানুল হক ইনু।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যার মধ্যে একবার সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!