প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা কিংবা সংশয় নেই। নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। এ যাবৎকালে অনুষ্ঠিত নির্বাচনগুলোর মধ্যে এটি সবচেয়ে ভালো একটি নির্বাচন হবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ভালো নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম চলমান রয়েছে। নিরাপত্তা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার কাজ প্রায় শেষ পর্যায়ে। ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা স্থাপনের কাজ প্রায় শেষ।
তিনি বলেন, নির্বাচন নিয়ে শঙ্কার কথা মূলত ইউটিউব ও টিকটকে কিছু লোক ভিউ পাওয়ার জন্য ছড়াচ্ছে। এসব শঙ্কা একেবারেই অমূলক।
অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, উদ্ধার কার্যক্রম খারাপ হয়নি। কিছু পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছিল। সময়ের সীমাবদ্ধতার কারণে সব সংস্কার একসঙ্গে করা সম্ভব হয়নি, তবে মূল কাজগুলো সম্পন্ন করা হয়েছে।
নির্বাচন অংশগ্রহণমূলক করতে আন্তর্জাতিক মহল থেকে কোনো চাপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো চাপ নেই। কেউ এসে সরকারকে আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করার কথা বলছে না। আওয়ামী লীগ অতীতে যে ধরনের খুন, গুম ও দমন-পীড়নের রাজনীতি করেছে, তা বিশ্ববাসীর কাছে স্পষ্ট। তাদের পক্ষ হয়ে কেউ কথা বলছে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কেউ এখনো ক্ষমা চায়নি বা অনুতপ্ত হয়নি। বরং আন্দোলনে অংশ নেওয়া সাধারণ মানুষকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুরো দেশের মানুষকে জঙ্গি বানিয়ে দেওয়া হয়েছে।
শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের সমর্থকেরাও ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। গত সাড়ে ১৫ বছরে তারা নিজেরাও প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পাননি।
তিনি দাবি করেন, বিদেশি বন্ধুরাও সরকার একটি ভালো নির্বাচন আয়োজন করবে বলে আত্মবিশ্বাসী এবং তারা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। নির্বাচন নিয়ে কোনো আন্তর্জাতিক সংশয় নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ সহিংস রাজনীতির মাধ্যমে সামান্য বিশৃঙ্খলা তৈরি করতে পারে, তবে বড় ধরনের কোনো কর্মসূচি দিতে তাদের সক্ষমতা নেই।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, বাংলাদেশে অপশাসন দূর করতে এবং ভবিষ্যতে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সিনিয়র সাংবাদিক মনজুরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ।
এর আগে প্রেসক্লাবের পক্ষ থেকে শফিকুল আলমকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com