ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, বাড়িঘরে অগ্নিসংযোগ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ৯:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, বাড়িঘরে অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ৪ থেকে ৫টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


আহতদের উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর গ্রামে দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত প্রভাব ও আধিপত্য বিস্তার নিয়ে বাবুল গ্রুপ ও আরজু গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় দুই দিন আগে রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এর জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। এতে অন্তত ২০ জন আহত হন। এ সময় উত্তেজিত লোকজন প্রতিপক্ষের ৪ থেকে ৫টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তী যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!