ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১১ লাখ ২৩ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন ছয়টি বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।শুক্রবার (২৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন আখাউড়া, মঈনপুর, মাদলা, সালদানদী, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় অবৈধ গরু, ইজিবাইক, ভ্যাসলিন লোশন, পন্ডস ক্রিম, অলিভ অয়েল, গাঁজা ও মদ জব্দ করা হয়।
জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২৩ হাজার ৩০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন নিরলসভাবে দায়িত্ব পালন করছে। এ লক্ষ্যে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্তের নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com