ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও এসআরবির সদস্যরা হাসপাতালে অভিযান চালান। এ সময় অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়াকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত শিপন মিয়াকে দুই হাজার টাকা এবং নার্গিস আক্তারকে তিন হাজার টাকা জরিমানা করেন। আটক বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এসব দালালকে যারা মদদ দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com