ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-সিএনজিসহ ৪ জন গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ৭:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-সিএনজিসহ ৪ জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সরাইল থানার এসআই রাজীব বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান ও রাত্রীকালীন টহলকালে তাদের গ্রেপ্তার করে।


পুলিশ জানায়, সরাইল উপজেলার শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের প্রায় ২০০ মিটার দক্ষিণে ঢাকা-সিলেট মহাসড়কে সন্দেহজনক অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ডাকাতির প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আশুগঞ্জ উপজেলার চরচারতলা পাথরবাড়ির মো. মামুন মিয়া (৩০), চরচারতলা সরকারবাড়ির সিয়াম সরকার (২৮), সোনারামপুর হাজী মালেক মিয়ার বাড়ির নজরুল ইসলাম (২৫) এবং চরচারতলা মরম পাড়া কিচকি বাড়ির মো. স্বপন (২০)।

তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে একটি নম্বরবিহীন নীল রঙের সিএনজিচালিত অটোরিকশা, একটি হেক্স ব্লেড, একটি লোহার কাটার, কাঠের বাটযুক্ত একটি লোহার ছোরা, একটি লোহার সেলাই রেঞ্জ, একটি ছোট কাঁচি, একটি লোহার পেরেক এবং হাতলবিহীন একটি ছোট স্টিলের ছোরা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, মাদক, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!