ব্রেকিং

x

চেকপোস্ট দেখে পালানোর সময়

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবাহী গাড়ি খাদে, ২৫২ কেজি গাঁজা উদ্ধার

শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ | ৭:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবাহী গাড়ি খাদে, ২৫২ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে একটি মাদকবাহী গাড়ি। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাড়িতে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়।


শুক্রবার (২৮ আগস্ট) ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে কসবা থানা পুলিশ।


পুলিশ জানায়, সকাল ৬টার দিকে উপজেলার সৈয়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের চেকপোস্ট দেখে একটি মাদকবাহী গাড়ি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় বিনাউটি ইউনিয়নের খিদিরপুর পাকা সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। পরে গাড়িতে থাকা মাদক পাচারকারীরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে বিনাউটি ইউনিয়নের খিদিরপুর পাকা রাস্তার পাশ থেকে দুর্ঘটনাকবলিত কালো রঙের টিআরএক্স গাড়িটি উদ্ধার করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৯ বস্তা গাঁজা পাওয়া যায়। এসব গাঁজার মোট ওজন ২৫২ কেজি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক পাচারকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!