ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় দুই আইসক্রিম ফ্যাক্টরিকে ৪ লাখ টাকা জরিমানা

শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ | ৭:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই আইসক্রিম ফ্যাক্টরিকে ৪ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বৈধ অনুমোদন ও লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে দুটি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানা দুটির উৎপাদিত আইসক্রিম জব্দ করে প্রকাশ্যে বিনষ্ট করা হয়েছে এবং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ছয়বাড়িয়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে। এতে নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল। এছাড়া উৎপাদিত আইসক্রিম খোলা অবস্থায় সংরক্ষণ এবং মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার মতো অনিয়মও পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মুন্নী আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা এবং বৈশাখী আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় সংরক্ষিত আইসক্রিম জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় বৈধ অনুমোদন ও লাইসেন্স গ্রহণ এবং আইন-বিধি যথাযথভাবে অনুসরণ না করা পর্যন্ত প্রতিষ্ঠান দুটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী।

তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!