ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বালুভর্তি একটি ডাম্পার ট্রাকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় এক কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বিজিবির ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী বালুভর্তি একটি ডাম্পার ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে ট্রাকের বালুর নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরা ও ডাম্পার ট্রাকের মোট সিজার মূল্য প্রায় এক কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।
২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চোরাচালানের এ চালানটি জব্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় জিরা ও ডাম্পার ট্রাকটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com