ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকার ফ্লাইওভারে প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ছয়জন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে শহরের মৌড়াইল এলাকার ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী মীর জসিম উদ্দিন, তার স্ত্রী সালেহা বেগম ও মা কামরুননেছা, মোটরসাইকেলচালক মাইনুল ইসলাম, রিকশাচালক রাসেল এবং অটোরিকশাচালক সুমন মিয়া। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহর থেকে কাউতলিমুখী একটি প্রাইভেটকার অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি রিকশাও দুর্ঘটনাকবলিত যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জন আহত হন।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজে সহযোগিতা করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com