র্যাব-৯-এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়ার (বেটিং) আসর থেকে আটজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ২৯ জুলাই বুধবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের নিউ মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন— পৌর শহরের পূর্ব পাইকপাড়ার মৃত জগদীস দেবনাথের ছেলে সুজন দেবনাথ (৪৮), কান্দিপাড়ার শাহজাহান ভূইয়ার ছেলে সালমান ভূঁইয়া (২৫), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে মো. আকরাম হোসেন (৩৯) ও মৃত আফরোজ মিয়ার ছেলে মো. কায়েস মিয়া (৪২), গোকর্ণঘাট এলাকার মদন কর্মকারের ছেলে ঝন্টু কর্মকার (৩৪), কাজীপাড়ার মৃত ইদন মিয়ার ছেলে মো. আলামিন (৪৫), নাসিরনগর উপজেলার নরহা গ্রামের আলমগীর চৌধুরীর ছেলে শাহাদাত হোসেন চৌধুরী (৩৮) এবং কসবা উপজেলার শ্যামবাড়ি গ্রামের মৃত খায়রুল বাসারের ছেলে মো. জহর (২৫)।
র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন বেটিং সাইটের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অনলাইন জুয়া নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি সতর্কবার্তা দেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com