ব্রেকিং

x

বিজিবির অভিযানে

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | ১১:১৬ এএম

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।


বৃহস্পতিবার (২৩ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আখাউড়া, কাজিয়াতলী, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল বিওপির টহলদল নিজ নিজ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।


বিজিবি জানায়, অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, স্টেরাইল নোরাড্রেনালিন কনসেনট্রেট আইপি ওষুধ, গরু, চকলেট, বাজি, পন্ডস পাউডার, ভ্যাসমল, মদ, বিয়ার, ইয়াবা ট্যাবলেট এবং একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার এবং অবৈধ পুশ-ইন প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!