ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে কারচুপি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | ১১:৫৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে কারচুপি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিত করতে জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ ২১ জুলাই মঙ্গলবার পৌর শহরের জগৎবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় ওজনে কারচুপি এবং পূর্বের নির্দেশনা অমান্য করে কম পরিমাণে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ১ জুন একই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বোতলে উল্লেখিত পরিমাণের তুলনায় কম তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ওই ধরনের তেল বিক্রি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল।


কিন্তু মঙ্গলবার পুনরায় পরিচালিত অভিযানে একই ধরনের তেল বিক্রি হতে দেখা যায়। পরে পরিমাপ করে দেখা যায়, প্রতি এক লিটার বোতলে ঘোষিত পরিমাণের তুলনায় প্রায় ৫০ থেকে ১০০ মিলিলিটার তেল কম রয়েছে।

পূর্বে সতর্ক ও দণ্ডিত হওয়ার পরও একই অপরাধের পুনরাবৃত্তি করায় ভ্রাম্যমাণ আদালত কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(জ) ধারায় অভিযুক্ত ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান চলাকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!