ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে ছাগলের মুখে পাইপ ঢুকিয়ে পানি খাওয়ানোর ঘটনায় অভিযুক্ত চাঁন বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২৮ জুন রবিবার সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সাথে তার সহযোগী মোঃ সাদাতকেও গ্রেফতার করা হয়।
এর আগে এ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এটি ভাইরাল হয়। তবে ভিডিওটি কবে ধারন করা তার স্পষ্ট কোন তথ্য জানা যায়নি। এ ঘটনা সরকারের উচ্চ পর্যায়ে নজরে আসলে এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়। পরে রবিবার সকালে বাঞ্ছারামপুর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওটিতে দেখা যায় এক ব্যক্তি ছাগলের মুখ চেপে ধরে আছেন। অপর ব্যক্তি প্লাস্টিকের মগ দিয়ে পাইপের মাধ্যমে ছাগলকে জোরপূর্বক পানি খাওয়াচ্ছেন। মূলত ছাগটির ওজন বাড়ানোর জন্য এমনটি করা হয়েছে।
গত শনিবার খোঁজ নিতে জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী কোরবানির পশুর হাটে ছাগলটিকে নিয়ে এসেছিলেন আইয়ূবপুর ইউনিয়নের চাঁন বাদশা নামে এক ব্যক্তি। তিনি মূলত মোটাতাজা করার জন্য ছাগলটিকে পানি খাওয়াচ্ছিলেন বলে জানা গেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জানান, প্রাণিসম্পদ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com