ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার (১৯ জুন) ভোরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, কয়েকজন চোরাকারবারী মাথায় বস্তা বহন করে ভারতের দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছিল। এ সময় বিজিবির একটি টহল দল তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা বহনকৃত বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮৫৬ পিস মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। জব্দকৃত ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, “ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পরিচালিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত সুরক্ষা ও অবৈধ পণ্য পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com