ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

সোমবার, ১৫ জুন ২০২৬ | ১০:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা রেলস্টেশনে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ভবঘুরে বৃদ্ধা (প্রায় ৫৫) নিহত হয়েছেন।


আজ ১৫ জুন সোমবার ভোররাতে কসবা রেলওয়ে স্টেশন ইয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে অবস্থান করতেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের ধারণা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কসবা রেলস্টেশন অতিক্রম করার সময় স্টেশন ইয়ার্ডের কিলোমিটার ১৮৫/৭ থেকে ১৮৫/৮-এর মধ্যবর্তী স্থানে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় স্টেশন এলাকায় বিদ্যুৎ ছিল না বলে জানা গেছে। দুর্ঘটনায় বৃদ্ধার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার হাত-পা ভেঙে যায়। পরে তার মরদেহ রেললাইনের ওপর পড়ে থাকতে দেখা যায়।

বিষয়টি জানতে পেরে কসবা স্টেশনের স্টেশন মাস্টার মো. শফিকুর রহমান আখাউড়া রেলওয়ে থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধা নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে ডাটাবেজে অনুসন্ধান চালালেও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিচয় শনাক্ত না হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে অবহিত করা হয়েছে। তার পরিচয় শনাক্তে পুলিশ এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!