ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস, অল্পের জন্য রক্ষা

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | ৯:০২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস, অল্পের জন্য রক্ষা

ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে গেছে। তবে চালক ও যাত্রীরা সময়মতো গাড়ি থেকে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


৪ জুন বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাঘাচং লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।


রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে পাঘাচং রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় স্টেশনের পাশের লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি যাত্রীবাহী মাইক্রোবাস রেললাইনে আটকে যায়। ট্রেন দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখে চালক ও যাত্রীরা তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

পরে ট্রেনটি মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশের খাদে পড়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসটি উদ্ধারের কাজ শুরু করেন। ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে দুর্ঘটনার পরও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!