ব্রেকিং

x

কলেজপাড়া চ্যাম্পিয়ন

আখাউড়ায় কবীর আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | ১২:২০ পূর্বাহ্ণ

আখাউড়ায় কবীর আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরুইনস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ‘আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা।


ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান (পিপি), আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আখতার খান, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুম খান এবং বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মো. মহসিন ভূঁইয়া।

এ সময় বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ ফজলুর রহমান ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। যুবসমাজকে মাদকমুক্ত ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, কসবা ও আখাউড়া উপজেলায় দুটি মিনি স্টেডিয়াম অনুমোদন হওয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার ১০১টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে আবেদন করা হয়েছে বলেও জানান।

ভবিষ্যতেও এ ধরনের বৃহৎ ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দর্শকদের শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি ও সহযোগিতার কারণেই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

খেলা শেষে চ্যাম্পিয়ন কলেজপাড়া দলের হাতে একটি মোটরসাইকেল এবং রানারআপ দলের হাতে একটি মোটরসাইকেল পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ক্রীড়া চর্চার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!