ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ ৩১ মে রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের চর মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন আবু তাহের (৫৫), তার ছেলে কিবরিয়া (২২), তোফাজ্জল (৬০), কাজল (২৬) ও সনিয়া (২৩)। তারা সবাই চর মাধবপুর গ্রামের বাসিন্দা। আহতদের উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চর মাধবপুর গ্রামের আবু তাহের মিয়ার গোষ্ঠী ও ইদন মিয়ার গোষ্ঠীর মধ্যে ১০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ও উত্তেজনা ছিল।
এরই জেরে রবিবার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নারীসহ অন্তত ১৫ জন আহত হন।
খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
তিনি আরো বলেন, “ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com