ব্রেকিং

x

অপহরণের ৬ দিন পর

ব্রাহ্মণবাড়িয়ার মোবাইল ব্যবসায়ী ঢাকা থেকে উদ্ধার

শনিবার, ২২ মার্চ ২০২৫ | ১০:৩৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার মোবাইল ব্যবসায়ী ঢাকা থেকে উদ্ধার

অপহরণের ৬ দিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মোবাইল ব্যবসায়ী নয়ন চন্দ্র দাসকে (২৬) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ ২২ মার্চ শনিবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


এলাকাবাসী ও পুলিশ জানায়, নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারে অপহৃত নয়ন চন্দ্র দাসের একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রতিদিনের মতো রোববার (১৬ মার্চ) সকালে দোকানে যাওয়ার পর নয়ন দোকানে যাওয়ার পরই অপরিচিত দুইজন লোক মাইক্রোবাস নিয়ে বাজারে আসে। তারা নয়নের নাম ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে, তারপর নিশ্চিত হয়ে নয়নকে দোকানের সামনে থেকে তাদের গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এরপর থেকে নয়নের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

রোববার রাত ১০টায় অপহরণকারীরা মোবাইল ফোনে নয়নের মায়ের নম্বরে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা হুমকি দেয়, সোমবার সকাল ১০টার মধ্যে টাকা না দিলে নয়নকে জীবিত অবস্থায় ফেরত দেয়া হবে না।
এ ঘটনায় নয়নের পরিবারে আতঙ্ক বিরাজ করতে থাকে এবং পরিবারটির সদস্যরা বারবার কান্নায় ভেঙে পড়েন।

ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থেকে অভিযান চালিয়ে নয়নকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!