ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চাঁদিদার ও খাঁদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শঙ্কুচাইল ও খাড়েরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার করা হয়।
অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় বাসমতি চাল, শাড়ি, একটি গরু, ফুচকা, রেড বুল এনার্জি ড্রিংক, গাঁজা ও মদ জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরীফুল ইসলাম, এএসসির নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন বিওপির সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এতে চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে বাহিনীটি।
স্থানীয় সচেতন মহলের মতে, একের পর এক বড় চালান জব্দ হওয়ার ঘটনা সীমান্তপথে সক্রিয় চোরাচালান সিন্ডিকেটের উপস্থিতির ইঙ্গিত বহন করে। এসব চক্রের বিরুদ্ধে কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে সীমান্ত এলাকায় অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে বলে তারা আশা করছেন।
বিজিবি জানিয়েছে, দেশের অর্থনীতি, জননিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার স্বার্থে চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com