ব্রেকিং

x

আখাউড়ায় কল্লা শহীদ মাজার কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | ৮:৪১ পিএম

আখাউড়ায় কল্লা শহীদ মাজার কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর হযরত শাহ সৈয়দ আহমেদ গেছু দারাজ (রহ.) প্রকাশ্যে শাহপীর কল্লা শহীদ (রহ.) মাজার পরিচালনা কমিটির সদস্য পদে সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


বুধবার সকালে খড়মপুর মাজার শরীফের অফিস কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার তাপসী রাবেয়া এ তফসিল ঘোষণা করেন।


ঘোষিত তফসিল অনুযায়ী, ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল করা যাবে। ১৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ অক্টোবর বিকেল ৪টা। ২২ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আগামী ৬ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কল্লা শহীদ (রহ.) মোসাফিরখানায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। খড়মপুর গ্রামের সাতটি পাড়ার সহস্রাধিক খাদেম সদস্য এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার তাপসী রাবেয়া বলেন, খড়মপুর দরগাহ শরীফ বিধিমালা, ১৯৯৬-এর সংশ্লিষ্ট বিধি এবং ৯ সেপ্টেম্বর মাজার পরিচালনা কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ৬ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ এবং বিদায়ী কমিটির সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গ্রামের সাতটি বাড়ি/পাড়া থেকে গোপন ভোটের মাধ্যমে তিনজন করে মোট ২১ জন সদস্য নির্বাচিত হবেন। এরপর সদস্যদের ভোটে একজন সম্পাদক ও একজন সহসম্পাদক নির্বাচিত করা হবে। কমিটির মেয়াদ তিন বছর।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!