ব্রেকিং

x

সার নীতিমালা-২০২৫ স্থগিতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় খুচরা বিক্রেতাদের মানববন্ধন

বুধবার, ০৪ মার্চ ২০২৬ | ৩:২৫ অপরাহ্ণ

সার নীতিমালা-২০২৫ স্থগিতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় খুচরা বিক্রেতাদের মানববন্ধন

সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং নতুন সমন্বিত সার ডিলার নীতিমালা-২০২৫ সংশোধনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন খুচরা সার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।


বুধবার (৪ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব-এর সামনে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত খুচরা সার ডিলাররা অংশ নেন।


মানববন্ধনে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি মুফতী জয়নাল আবেদীন কাসেমী, সাধারণ সম্পাদক মো. তারেকসহ অন্যান্য নেতারা। বক্তারা বলেন, অতীতে সার কেলেঙ্কারি ও সংকটের কারণে কৃষকদের ভোগান্তির বিষয়টি এখনো ভুলে যায়নি মানুষ। এ প্রেক্ষাপটে ২০০৯ সালের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রতিটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একজন করে খুচরা সার বিক্রেতা বা সাব-ডিলার নিয়োগ দেয়, যাতে কৃষকদের দোরগোড়ায় সারের সেবা পৌঁছে দেওয়া যায়।

তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত ‘সমন্বিত সার ডিলার নীতিমালা-২০২৫’-এ পূর্বের খুচরা বিক্রেতা বা সাব-ডিলার ব্যবস্থা বাতিল করা হয়েছে। নতুন নীতিমালায় প্রতি ইউনিয়নে ৯ জনের পরিবর্তে ৩ জন করে অনুমোদিত ডিলার সার বিতরণ করবেন। এতে কৃষকদের সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় বাড়বে বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে তারা এ ব্যবসার সঙ্গে জড়িত। ব্যাংক ঋণ পরিশোধ ও বিপুল পুঁজি বিনিয়োগের মাধ্যমে তারা কৃষকদের কাছে সার সরবরাহ করছেন। অনেক সময় কৃষকদের হাতে নগদ অর্থ না থাকলেও বাকিতে সার প্রদান করে কৃষি উৎপাদনে ভূমিকা রাখছেন। নতুন নীতিমালা কার্যকর হলে তাদের ব্যবসা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে এবং অনেকেই আর্থিক সংকটে পড়বেন।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর বরাবর দেওয়া স্মারকলিপিতে নীতিমালা-২০২৫ পুনর্বিবেচনা করে তা স্থগিত এবং পূর্বের নীতিমালা বহাল রাখার দাবি জানান। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!