ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরের আলম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় ২০০ মিটার অবৈধ এমএস গ্যাস পাইপ উচ্ছেদ এবং ৩০০ মিটার অবৈধ গ্যাস পাইপলাইনের নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি এক অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। এ সুযোগে কিছু অসাধু চক্র জেলা শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ পরিস্থিতিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে সুহিলপুরের আলম পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কয়েক দিনের মধ্যেই কিছু অসাধু চক্র আবার নতুন করে সংযোগ স্থাপন করে। এ কারণে পুরোপুরি অবৈধ সংযোগ বন্ধ করা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও জানান, সুহিলপুর এলাকায় এর আগেও একাধিকবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগ বন্ধে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com