ভুয়া তথ্য প্রতিরোধ ও জাতীয় নির্বাচনে তৃণমূল পর্যায়ে দায়িত্বশীল সাংবাদিকতা জোরদারে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) আয়োজিত এই প্রশিক্ষণের দ্বিতীয় পর্ব আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিরা।
নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে এবং স্থানীয় এনজিও স্বনির্ভরের সহযোগিতায় সাকমিড বাস্তবায়িত ‘নারীর ভোট, নারীর কণ্ঠ’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে টেলিভিশন, জাতীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যমের ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের পাঁচজন করে চারটি কমিউনিটি মনিটরিং গ্রুপে বিভক্ত করা হয়। এসব গ্রুপ ব্রাহ্মণবাড়িয়া জেলায় নির্বাচনকেন্দ্রিক অনিয়ম, সহিংসতা ও বিভ্রান্তিকর তথ্য পর্যবেক্ষণ করে দায়িত্বশীলভাবে প্রতিবেদন করবেন।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন সাকমিডের প্রমোশন অফিসার সাংবাদিক মিনহাজ আমান, প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান এবং প্রোগ্রাম অফিসার শাদমান আল আরবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকমিডের প্রধান নির্বাহী সৈয়দ কামরুল হাসান, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস. এম. শাহীন এবং নিহার রঞ্জন সরকার।
প্রশিক্ষকরা বলেন, ভুয়া তথ্য বর্তমানে একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে এবং নির্বাচনকে ঘিরে ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর ছবি ছড়ানোর ঝুঁকি বেশি থাকে। এ সময় সঠিক তথ্য যাচাই ও নাগরিক পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরে তারা বলেন, কমিউনিটি পর্যায়ে দক্ষ পর্যবেক্ষক তৈরি হলে সহিংসতা ও ভুয়া তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com