ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দিনের মতো অব্যাহত সিএনজি অটোরিক্সা শ্রমিকদের ধর্মঘট

সোমবার, ২৮ জুলাই ২০২৫ | ৭:৩৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দিনের মতো অব্যাহত সিএনজি অটোরিক্সা শ্রমিকদের ধর্মঘট

পুলিশি হয়রানি বন্ধ ও জেলার সর্বত্র চলাচলের অনুমতি প্রদানসহ বিভিন্ন দাবিতে সিএনজি চালিত অটোরিক্সা চালক ও মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। আজ ২৮ জুলাই সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করছেন অটোরিক্সা মালিক ও চালকরা। দ্বিতীয় দিনের মতো অটোরিক্সা চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।


এর আগে, গত ২৬ জুলাই শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি চালিত অটোরিক্সা পরিবহণ মালিক সমিতির জরুরি বৈঠকে ধর্মঘটের ডাক দেয়া হয়৷ সড়কে ট্র্যাফিক পুলিশ প্রতিনিয়ত হয়রানির পাশাপাশি অটোরিক্সা আটক এবং ছাড়ানোর জন্য মোটা অঙ্কের টাকা দাবির প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।


এদিকে, ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে জেলার সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ডগুলো থেকে কোনো অটোরিক্সা চলছে না। চালক ও মালিকরা স্ট্যান্ডে বসে ধর্মঘট কর্মসূচি পালন করছেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়কে অবরোধ সৃষ্টি করে যান চলাচলে বাধা দিচ্ছেন অটোরিক্সা চালক ও মালিকরা। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা৷ উপায় না পেয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে ছুটছেন। এছাড়া ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইকগুলো বাড়তি ভাড়া নিচ্ছে বলেও অভিযোগ করেন যাত্রীরা।

জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেফজুল করিম জানান, দীর্ঘদিন ধরে অটোরিক্সার লাইসেন্স দেয়া বন্ধ রয়েছে। এ সুযোগে পুলিশ প্রতিনিয়ত গাড়ি আটকে হয়রানি করে। গাড়ি ছাড়ানোর জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে ট্র্যাফিক পুলিশ। এ নিয়ে অভিযোগ জানিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না। এ সব কারণে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, সিএনজি মালিক সমিতির বিভিন্ন দাবি রয়েছে। সেজন্য তারা মহাসড়ক অবরোধ করেছিল। মালিক শ্রমিকদের জানানো হয়েছে চলমান সমস্যা নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সকলে মিলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। সেই আশ্বাসের প্রেক্ষিতে মহাসড়ক থেকে তাদের অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!