ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় দুই স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমানুল হক এনাম (৪০) নামের এক দপ্তরিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই দপ্তরিকে আজ ২৮ মে বুধবার আদালতে চালান করা হবে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বিটঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ণরত ৪র্থ ও ৫ম শ্রেণির ওই দুই ছাত্রীকে দুপুর আনুমানিক দেড়টার দিকে (লেইজার পিরিয়ড) স্কুলের চতুর্থ শ্রেণিকক্ষে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী ইমানুল হক এনাম যৌন নিপীড়ন করেন।
পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে, এ নিয়ে গ্রামে গুঞ্জন শুরু হয়।
এরপরই যৌন নিপীড়নের শিকার ৪র্থ শ্রেণির ওই ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার থানায় এসে অভিযুক্ত ওই দপ্তরির বিরুদ্ধে মামলাটি করেন। পরে পুলিশ ওই দপ্তরিকে গ্রেফতার করে।
তবে এলাকার একাধিক সূত্র জানায়, কয়েকদিন আগে বিদ্যালয়ের দেওয়াল ও ক্লাস পরিষ্কার করার সময় অভিযুক্ত দপ্তরি ওই দুই ছাত্রীর কোমর স্পর্শ করেছিল। ওই ঘটনাটিকেই একটি মহল ফুলিয়ে ফাঁপিয়ে ‘যৌন নিপীড়ন’-এর রঙ দিয়ে এমন একটি মামলা করতে উস্কানি দেয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মঙ্গলবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় রুনা আক্তার নামের এক নারী মামলা করেছেন। এ মামলার একমাত্র আসামি ওই দপ্তরিকে গ্রেফতারও করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com