ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামে ঘর-বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে তাদেরকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে আবদুল জলিল (৪৬) ও মৃত আবদুল বারেকের ছেলে আবু সায়ীদ (৬৭)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ জানায়, শুক্রবার বিকেলে তাদেরকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে তাদেরকে গ্রেফতারের পর ওই মামলার বাদীর বাড়িতে ভাংচুর করা হয়। বাদীকে মারধোর করারও হুমকি দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এর আগে গত দুই মাস ধরে নাটাই গ্রামের দুই গোষ্ঠীর লোকদের মধ্যে বিরোধ চলছে। সর্বশেষ গত ১৪ মে বিবাদমান দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষে মিয়াজুল হোসেন নামে ১ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর অর্ধ শতাধিক ঘরে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাটের পর আগুন দেয়া হয়। এসব ঘটনায় দু’পক্ষ থেকে মোট ৪ টি মামলা দেয়া হয়। এরমধ্যে ১ টি হত্যা মামলা।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন সাংবাদিকদের জানান, এর আগে হত্যা মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘর-বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলার মধ্যে ১টি মামলার এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করা হয়। তাদেরকে আজ ৩১ মে শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com