ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ট্রাক ওভারটেক করতে গিয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন ৩০ যাত্রী। এ দুর্ঘটনাটি ঘটেছে আজ ২১ জুলাই সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড় এলাকায়। আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরাইলের কুট্টাপাড়া এলাকার একটি ব্যাগ ফ্যাক্টরিতে আশুগঞ্জ থেকে একটি বাস প্রতিদিন শ্রমিক নিয়ে আসে। আজ সকালে শ্রমিক নিয়ে আসার সময় ফ্যাক্টরির কাছাকাছি এসে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায় বাসটি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ জন আহত রোগীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক।
খাটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সজীব মিয়া জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com