ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | ৯:৫২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌর এলাকার একটি বাসায় দাবি করা চাঁদা না পেয়ে প্রবাসী স্ত্রীর শাহীনূর আক্তারকে (২৫) হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেফতার হওয়া সুজন মিয়া নামের এক ব্যক্তি আদালত ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানিয়েছে। ওই নারীর কাছ থেকে সুজন ও তার সাঙ্গোপাঙ্গরা পাঁচ লাখ টাকা দাবি করেছিল।


আজ ৩১ জুলাই বৃহস্পতিবার পিবিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পিবিআই থেকে পাওয়া তথ্য অনুসারে, শাহীনূর আক্তারের পেটে ছুরি ঢুকিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সাথে আরো দুইজন জড়িত আছে। ঘটনার পর থেকে ঘাতকরা পালিয়ে বেড়াচ্ছিলেন। এর মধ্যে সুজন ৩০ জুলাই বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।


এর আগে গত ২৭ জুলাই ঢাকার কামরাঙ্গীরচরের চাঁন মসজিদ বাগান বাড়ি রোড এলাকা থেকে সুজনকে গ্রেফতার করে পিবিআই। পরে তাকে রিমান্ডে আনা হলে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। শাহীনূর বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে।

গত ১৮ জুলাই পৌর এলাকার কলোনি স্টিল ব্রিজসংলগ্ন নজরুল ইসলামের বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গিয়াস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বাঞ্ছারামপুর থানায় মামলা করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাঞ্ছারামপুর এলাকার রফিক মিয়ার ছেলে সুজন মাদক ব্যবসায়ী ও জুয়ার বোর্ড পরিচালনা করতেন। গত ১৭ জুলাই সুজনসহ আরো তিনজন শাহীনূরের বাসায় এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় শাহীনূরের একমাত্র মেয়ে বাসায় ছিল না। চাঁদা না পেয়ে সুজনসহ অন্যরা শাহীনূরকে চাকু নিয়ে খুন করে বাইরে থেকে তালা লাগিয়ে যান।

মামলা তদন্তকালে আধুনিক তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পিবিআই।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!