লুটপাটের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যখাতের ক্ষতি কাটিয়ে সবার জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চলতি বছরই ৪১ হাজার ৩৯১ জন নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মোবাইল হাসপাতাল কার্যক্রম উদ্বোধন ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, গ্রাম থেকে শহর—সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছে। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যখাতে গতি ফিরিয়ে আনতে সরকার দিনরাত কাজ করছে।
দেশের উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর শয্যাসংখ্যা দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকার বিষয়টি তুলে ধরে সরদার সাখাওয়াত হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে প্রথম ১৯ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এসব হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে ৫০ করা হয়। কিন্তু এরপর দীর্ঘ সময় পার হলেও অন্য কোনো সরকার শয্যাসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয়নি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি হাসপাতালের শয্যাসংখ্যা ১৫১-এ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুতগতিতে কাজ চলছে।
তিনি জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সাধারণ মানুষের চিকিৎসাপ্রাপ্তি সহজ করতে সরকার কাজ করছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com