ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) ভোরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল দক্ষিণ বাজার ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদক পাচার ও কারবার রোধে চলমান অভিযানের অংশ হিসেবে বিজয়নগর থানার এসআই ইকবাল মনি সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে অভিযান চালান। এ সময় সিঙ্গারবিল দক্ষিণ বাজার ব্রিজের উত্তর পাশে পাকা সড়কের ওপর সন্দেহজনকভাবে অবস্থানরত তিন ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে শাকিল মিয়া (২৪), নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার জাগিরপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. আবুল হোসেন (৩৫) এবং একই উপজেলার আমোদাবাদ গ্রামের পিতুস দাসের ছেলে টিটন দাস (২১)।
পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজা বিক্রির উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন। অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাদের থানায় নেওয়া হয়।
বিজয়নগর থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৭ এবং জিআর নম্বর-৩৯৪/২০২৬। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com