ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ: পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ | ১২:২১ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ: পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, দেশে হাজার হাজার খাল রয়েছে এবং সেগুলো পর্যায়ক্রমে খনন ও পুনরুদ্ধার করা হবে। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রশাসনের পক্ষ থেকে ৪০০টি খাল চিহ্নিত করা হয়েছে, যেগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।


সোমবার (১৬ মার্চ) দুপুরে বিজয়নগর উপজেলার বোয়ালিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, খাল খননের মাধ্যমে উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন এবং প্রকৃতি সংরক্ষণের সমন্বিত দৃষ্টিভঙ্গি থেকেই সরকার এ উদ্যোগ বাস্তবায়ন করছে।

বোয়ালিয়া খালটির মোট দৈর্ঘ্য প্রায় ৬ কিলোমিটার এবং এটি দুই প্রান্তেই তিতাস নদীতে গিয়ে মিলেছে। এর আগে খালের ৪ কিলোমিটার অংশ খনন করা হয়েছিল। সোমবার বাকি ২ কিলোমিটার অংশ এবং একটি শাখা খালের আরও ১ দশমিক ৮০ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। এতে প্রায় ৩১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন।

প্রতিমন্ত্রী বলেন, নদী-নালা, খাল ও বিল আমাদের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্যও এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা নদী-নালা ও খাল দখল বা দূষণ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এসব জলাশয় দখলমুক্ত করে সজীব করে তুলতে হবে।

শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদ হোসেন মাহবুব, এম. এ. হান্নান এবং আলহাজ্ব সিরাজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!