ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ১০ টন ২০ কেজি ভারতীয় জিরাসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সিলেট ও রাজশাহী জেলার বাসিন্দা ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, সকালে শাহবাজপুর এলাকায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে জিরার বৈধ কাগজপত্র চাওয়া হলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে জিরা জব্দ করে তাদের আটক করা হয়।
অভিযানে আটক ট্রাক ও জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা।
বৃহস্পতিবার দুপুরে সীমান্ত রক্ষী বাহিনীর ২৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সীমান্ত রক্ষী বাহিনীর ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, আটক ব্যক্তিদের ভারতীয় জিরা ও ট্রাকসহ সরাইল থানায় হস্তান্তর এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com