ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি

সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ | ৯:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা কৌশলে চুরি করে নিয়ে গেছে একটি চোর চক্র। সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহরের কুমারশীল মোড়ের আমিন কমপ্লেক্সে সোনালী ব্যাংকের প্রধান কর্পোরেট শাখায় এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


ব্যাংক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তিতাসপাড়া এলাকার বাসিন্দা আবু ইউসুফ বাবুল জেলা সাব-রেজিস্ট্রি অফিসের পে-অর্ডারের জন্য ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ব্যাংকে যান। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে জমার ভাউচার লিখছিলেন। এ সময় গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করা চোর চক্রের এক সদস্য কৌশলে টাকার ব্যাগটি নিয়ে দ্রুত সরে যায়।


আবু ইউসুফ বাবুল বলেন, ‘পে-অর্ডারের টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে গিয়েছিলাম। ক্যাশ কাউন্টারের সামনে টাকার ব্যাগ রেখে ভাউচার লিখছিলাম। এ সময় একটি চক্র আমার সব টাকা নিয়ে পালিয়ে যায়।’

সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার প্রধান মো. শরীফুল হক বলেন, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে ভাউচার লিখছিলেন। এ সুযোগে চোর চক্র কৌশলে টাকাগুলো নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়। ঘটনাটি গ্রাহকের অসাবধানতার কারণে ঘটেছে বলে তিনি জানান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরির একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!