সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আজ ২৩ এপ্রিল বুধবারদুপুর পৌনে বারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আলমনগর সড়কে অটোরিকশা উল্টে গিয়ে সংঘটিত দুর্ঘটনায় তিনি আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বিকেল আড়াইটার দিকে নরসিংদী এলাকায় তিনি মারা যান। নিহতের গ্রামের বাড়ি আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে। তিনি মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন।
নিহতের ছেলে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় জানান, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি অটোরিকশাযোগে আশুগঞ্জ বাজারের দিকে আসছিলেন। এ সময় আলমনগর রোডে আরেকটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তাকে বহন করা অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনি পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে নরসিংদী পৌঁছলে তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com