ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে র্যাব পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি সদৃশ্য ইলেকট্রনিক ডিভাইস, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-৯ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার বিকাল আনুমানিক ৫টা ৫০ মিনিটে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তথ্য অনুযায়ী, সিংগারবিল ইউনিয়নের মিরাশানি এলাকার একটি কাঁচা সড়কে এক ব্যক্তি নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে লোকজনকে ভয় দেখিয়ে টাকা আদায় করছিল। সংবাদ পেয়ে র্যাবের এক সদস্য সাদা পোশাকে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে র্যাব সদস্য বলে দাবি করেন। পরে পরিচয়পত্র প্রদর্শনের অনুরোধ করা হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন এবং উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মোঃ মিঠুন মিয়া (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া পুলিশ ও র্যাব পরিচয়ে প্রতারণা করে অর্থ উপার্জন করতেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com