কসবায় সাব্বির আহমেদ (২৪) নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সাব্বির ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারূপ পশ্চিমপাড়া গ্রামের হানিফ ভুঁইয়ার ছেলে।
আজ ৫ এপ্রিল শনিবার সকালে ওই যুবককে হত্যার অভিযোগ নিয়ে কসবা থানায় আসেন নিহতের পরিবারের লোকজন। নিহতের স্বজন এবং স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও খাওয়া-দাওয়া শেষ করে সে পাশের ঘরে শুয়ে পড়ে। তবে রাতে অজ্ঞাত কয়েকজন এসে তাকে ডেকে নিয়ে যায়। পরে গভীর রাতে খায়রুল নামের এক যুবক এসে পরিবারকে জানায় সাব্বির গুরুতর অসুস্থ। পরে পরিবারের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। এ সময় সে জানায় তাকে কয়েকজন ডেকে নিয়ে গিয়েছিল এরপরই সে অবচেতন হয়ে পড়ে। তাকে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার লোকজনের দাবি সাব্বিরকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুবাইয়ে প্রবাস জীবন কাটিয়ে সাব্বির আহমেদ ঢাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে সে বাড়িতে বেড়াতে আসে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। এ ঘটনায় খাইরুল নামে এক যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে জানিয়েছে রাতে সাব্বির কসবা-নয়নপুর সড়কের পানিয়ারূপ এলাকাতে মাদকের ট্রাক আটকানোর জন্য অবস্থান করছিলো। ধারণা করা হচ্ছে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ঘাতক ট্রাকটিকে সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com