ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাবির দায়ের কোপে দেবর নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সুমন মিয়া (৩০) ওই গ্রামের গোলাপ মিয়ার ছেলে। তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজের মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুমনের তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে তাদের বাড়িতে আসেন। বাড়ির নিজস্ব রাস্তায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে সুমনের চাচাতো ভাই সাত্তার মিয়ার স্ত্রী রুমানা বেগম আপত্তি জানান। এ নিয়ে সুমনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে সুমনের বন্ধুরা মোটরসাইকেল সরিয়ে চলে যান।
এরপর বিষয়টি নিয়ে সুমনের মা রুমানা বেগমকে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন ঘটনাস্থলে এসে মায়ের সঙ্গে খারাপ আচরণের কারণ জানতে চাইলে রুমানা বেগম ক্ষিপ্ত হয়ে ঘর থেকে দা এনে তার ওপর হামলা চালান।
এতে সুমনের বুকে, হাতে ও কপালে গুরুতর কোপ লাগে। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, দায়ের আঘাতে সুমনের মৃত্যু হয়েছে। মরদেহ সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুমানা বেগমকে গ্রেফতারে পুলিশের দুটি দল কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com