ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত

শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ | ৮:৫৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পারিবারিক কলহ ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ঘুষিতে আবু তাহের মিয়া (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই বজলু মিয়া (৭৫)কে আটক করেছে পুলিশ।


শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের আকসিনা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের মিয়া ওই গ্রামের মৃত রোসমত আলীর ছেলে।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি ও বাড়ির জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার বিকেলে বাড়ির উঠানে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় বজলু মিয়া তার ছোট ভাই আবু তাহের মিয়ার বাম কানের ওপর ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়। এতে আবু তাহের মিয়া অচেতন হয়ে পড়েন।

পরে তার স্ত্রী ও ছেলে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের বড় ভাই বজলু মিয়াকে আটক করা হয়।

নিহতের স্ত্রী শাহানা বেগম অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তি ও বাড়ির জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বজলু মিয়া তার স্বামীকে ঘুষি মারেন। এতে তার স্বামীর মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাইকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!