ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলাতে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আক্তার মিয়া ও হাবিব মিয়া নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন।
এ ঘটনার জের ধরে একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর সঙ্গে রহিম গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলছিল। এর আগেও কয়েকদিন আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। মঙ্গলবার সকালে আবারও টেঁটা-বল্লম নিয়ে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধ হয়ে আক্তার মিয়া ও হাবিব মিয়া ঘটনাস্থলেই মারা যান।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ বলেন, পূর্ব বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com